গ্লোবটিভি২৪ডটকম : উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে অক্ষয়, অবিনশ্বর হয়ে থাকবেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভায় তিনি এ কথা বলেন। পরে এক সংবাদ ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল গণমাধ্যমকে এ কথা জানান।
ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা বারবার বলেছেন-জাতির এই বিশেষ মুহূর্তে খালেদা জিয়ার উপস্থিতি অনেক প্রয়োজন ছিল।
গোটা জাতি ওনার জন্য দোয়া করেছে। আল্লাহর ইচ্ছায় উনি চলে গেছেন। কিন্তু বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে, বাংলাদেশের প্রতিটি আত্মমর্যাদাশীল গণতন্ত্রকামী দেশপ্রেমিক মানুষের হৃদয়ে ওনার অবস্থান অক্ষয়, অবিনশ্বর হয়ে থাকবে।
আসিফ নজরুল তার ব্যক্তিগত বক্তব্য তুলে ধরে আরও বলেন, তিনি ব্যক্তিগতভাবেও মনে করেন বাংলাদেশের ইতিহাসে এত শ্রদ্ধা, এত সম্মান এবং ভালোবাসা নিয়ে এ রকম একজন নেত্রীর চলে যাওয়া এটা একটা বিশেষ মুহূর্ত।
আমরা বাংলাদেশের প্রতিটি মানুষ শোকাহত। উনি সারাদেশের মানুষের সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে বিদায় নিয়েছেন।
খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা ও তার সরকারের দায় আছে জানিয়ে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা বলেন, ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল-ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, খালেদা জিয়ার এই মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার সরকার অবশ্যই দায়ী।
সুত্র : বাংলানিউজ২৪ডটকম ।